গাইবান্ধায় বন্যাকবলিত তিন লাখের বেশি মানুষের জন্য ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালবাসি গাইবান্ধা, ঢাকা’। বুধবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সব বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও শহররক্ষা বাঁধ ভেঙে সব থানার প্রত্যেক ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে। পানিবন্দি পরিবারগুলো বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও জ্বালানি সংকটে রয়েছে। কবলিত মানুষের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ব্রিজ ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে।
বক্তারা আরও বলেন, গাইবান্ধায় নদীভাঙনের ঘটনা নতুন নয়। নদীভাঙনের কারণে এই অঞ্চলের মানুষ এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাই দেশের সার্বিক উন্নয়নে অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম আশিক জাদু, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজওয়ান আশরাফ প্রমুখ।








