রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা করা হয়েছে সংসদীয় কমিটির বৈঠকে। বলা হয়, মিয়ানমারে নির্যাতনে রোহিঙ্গা সম্প্রদায় বিশেষ করে তাদের টিনেজ ছেলেদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। এই ক্ষোভকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী তাদের ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
বুধবার (৩১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আলোচনায় এই বিষয়টি উঠে আসে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে কমিটির সদস্য ছাড়াও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ, সেড নির্মাণসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করায় সেনাবাহিনীর প্রশংসা করা হয়।
অবশ্য রোহিঙ্গা ইস্যুতে আলোচনার বিষয়ে কমিটির কোনও সদস্য মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া জানান, একটি জানাজায় অংশ নিতে তিনি নির্বাচনি এলাকায় যাচ্ছেন। এই মুহূর্তে কথা বলতে পারবেন না।
কমিটির সভাপতি ইলিয়াস মোল্লাহ জানান, আওয়ামী লীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণের কারণে তিনি কমিটির বৈঠকে একটু দেরিতে প্রবেশ করেছেন। তিনি যাওয়ার পর রোহিঙ্গা বিষয়ে কোনও আলোচনা হয়নি। তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ডেঙ্গু মোকাবিলায় সশস্ত্র বাহিনীতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এদিকে বৈঠকে মিরপুর ক্যান্টনমেন্টের জমিদাতা হারুন মোল্লার নামে একটি ভবনের নামকরণের সুপারিশ করা হয়। কমিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে স্থাপনা নির্মাণে ঊর্ধ্বমুখী ভবন কাঠামো কৌশল মেনে চলার বিষয়ে সুপারিশ করে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মোঃ মোতাহার হোসেন, মোঃ নাসির উদ্দিন এবং বেগম নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।








