বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, ‘মশা উৎপাদন হয় বিমানবন্দরের বাইরে। আমরা আসলে সিটি করপোরেশনকে নিয়ে কাজ করছি। যাতে উৎপাদন কেন্দ্রগুলো থেকে যেন মশা বিমানবন্দরে না আসে।’
বুধবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিমানবন্দরের মশা নিয়ন্ত্রণের উদ্যোগ প্রসঙ্গে মো. মহিবুল হক বলেন, ‘একচুয়ালি মশা মারতে কামান দাগানো হয়, আমরাও সেই ব্যবস্থা নিয়েছি। মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে সিভিল এভিয়েশনসহ একটি কমিটি গঠন করে দিয়েছি। সেখানে তারা সার্বক্ষণিক কাজ করছেন। আমি নিজেও শুক্রবার সেখানে যাবো। আমাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু বিমানবন্দরে যে মশা হয়, এর জন্য সব সময় সিভিল এভিয়েশনকে দায়ী করলে চলবে না। সিভিল এভিয়েশনের গন্ডি হলো নির্দিষ্ট একটা জায়গার ভেতরে।’
সংবাদ সম্মেলনে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহম্মাদ এনামুল বারী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফারহাত হাসান জামিল, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ, পরিচালক (প্রকিউরমেন্ট এ্যান্ড লজিস্টিক সার্পোট) মো. মমিনুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা, বিক্রয় ও বিপণন) মাহবুব জাহান খাঁন, চিফ ফাইনান্সিয়াল অফিসার বিনিত সুদ, পরিচালক প্রকৌশল খন্দকার সাজ্জাদুর রহিম উপস্থিত ছিলেন।








