বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় মশকনিধন কার্যক্রমে ব্যবহৃত ওধুষের কার্যকারিতা ও ক্ষতিকর দিক খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
রবিবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব মো. এমদাদুল হক চৌধুরীর সই করা এক অফিস আদেশে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. এমদাদুল হক চৌধুরী এই কমিটি গঠন করেন।
কমিটি মশকনিধনে ব্যবহৃত লার্ভিসাইড ও অ্যাডালিটিসাইড ওষুধের পরীক্ষা করে এর কার্যকারিতা ও ক্ষতিকার দিক নিশ্চিত করবে।
কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে (নগর উন্নয়ন) এবং সদস্য সচিব করা হয়েছে মশক নিবারণী দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে (সিটি করপোরেশন-১ শাখা)। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান দুই স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের প্রধান রসায়নবিদ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যুরোর টেকনিক্যাল অ্যাডভাইজার এবং মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি।
কমিটি মশকনিধনের জন্য উপযুক্ত কীটনাশক (লার্ভিসাইড ও অ্যাডালটিসাইড) নির্বাচন, সঠিক মাত্রা নির্ধারণ এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করে গুণগতমান নিশ্চিত করবে। লার্ভিসাইড ও অ্যাডালটিসাইড মানবদেহসহ অন্যান্য কীটপতঙ্গ, মাছ ও জলজপ্রাণী এবং সামগ্রিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর নয়, তাও নিশ্চিত করবে। প্রয়োজনে কমিটি তাদের সদস্য নির্বাচন করতে পারবে।








