রাজধানীর পল্টন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।
বুধবার (৭ আগস্ট) বিকালে র্যাব-৩-এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক ৩ জন হলো ঢাকার মো. জুম্মন শেখ (৩০), নরসিংদীর মো. রুবেল (২৫) ও চাঁদপুরের মো. গোলাম মোস্তফা (৬২)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি চাকু ও ১টি ঝান্ডুবাম উদ্ধার করা হয়।
এ বি এম ফাইজুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, সুযোগ বুঝে সাধারণ মানুষের পথরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইলফোন, ল্যাপটপসহ নগদ টাকাপয়সা ছিনিয়ে নেয় তারা। অনেক সময় তারা পথচারীদের মুখে ঝান্ডুবাম লাগিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।








