গাজীপুরের টঙ্গী থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি চক্রের তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে টঙ্গী বাজার বাসস্ট্যান্ডে মেসার্স মিতালি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের মো. সুমন আলী (২৪), নওগাঁর মো. আব্দুল মজিদ (২৪) ও মো. মিঠু (২৬)। এ সময় তাদের সঙ্গে থাকা মিনি ট্রাকের পাটাতনের ওপরে বক্স থেকে ৭৯৭ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম জানান, আটককৃতরা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। বিভিন্ন জেলার মাদক চোরাকারবারিদের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। তাদের কাছ থেকে ফেনসিডিল কিনে কৌশলে ঢাকায় আনে। পরে সেগুলো ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
তিনি জানান, সুমন পেশায় অটোরিকশা চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মাদক চোরাকারবারি আজম ও শফিকের মাধ্যমে ফেনসিডিলের চালান সংগ্রহ করে ঢাকায় আনে। এরপর সে রাজধানীর কাওরান বাজারসহ বিভিন্ন স্থানে এসব ফেনসিডিল সরবরাহ করে। সুমন বিভিন্ন মৌসুমি ফসল পরিবহনের আড়ালে ট্রাকে করে রাজধানীতে এসব মাদকদ্রব্য আনে। এ পর্যন্ত ৩০টির মতো মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করেছে।
তিনি আরও জানান, সুমনকে মাদক সরবরাহে সহযোগিতা করে মিঠু। চালান প্রতি সে ১০ হাজার টাকা পায়। একই সঙ্গে মিঠু নওগাঁয় খুচরা মূল্যে ফেনসিডিল বিক্রি করে বলে স্বীকার করেছে।
র্যাবের এই কর্মকর্তা জানান, আটক মজিদ একজন ট্রাক চালক। সে তিন বছর ধরে মাদক পাচারের কাজ করছে বলে জানায়। লোভে পড়ে সে সুমনের মাধ্যমে এ কাজে জড়ায়। ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদক পরিবহন করতো। আর চালান প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা পেতো। এ পর্যন্ত সে মাদকের ২০টি চালান ঢাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








