ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রিফাত (১০) মারা যায়। ডেঙ্গুর কারণেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের রেজিস্ট্রারে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
রিফাতের বাবার নাম খোরশেদ, বাড়ি জামালপুর। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রবল জ্বরে আক্রান্ত রিফাতকে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা রাতে ঢামেকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টায় সে মারা যায়। স্বজনরা তার লাশ নিয়ে গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭৮২ জন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮ হাজার ৭৬৫ জন। এরমধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ১৪০ জন। রাজধানীর বাইরে সারাদেশে ভর্তি থাকা রোগীর সংখ্যা তিন হাজার ৬২৫ জন।
এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গু রোগে মারা গেছেন ১৮ জন। এর মধ্যে এপ্রিলে দুই জন, জুন মাসে তিন জন, আর গত জুলাই মাসে ১৩ জন।








