স্নাতক (সম্মান) পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থী। সোমবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আবদুর রাজ্জাক সোহেল, মেহজাবিন বশির তুলি, শারমিন জাহান জোহা, ফায়েজ আহমেদ, তন্ময় সাহা জয়, নম্রতা তালুকদার অর্পা, তাহমিনা আক্তার জেনি, সুমাইয়া তানিম, শামিমা নাসরিন এবং মেহেরুন নাহার মেঘলা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মেহজাবিন বশির তুলি।
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. সিতারা পারভীন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। প্রত্যেক শিক্ষার্থীকে তার গুণাবলি অনুসরণ করা প্রয়োজন।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রবর্তন করা হয়। প্রতিবছর বিভাগটির সম্মান শ্রেণিতে ভালো ফল অর্জনকারী ১০ শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়।








