ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ‘বঙ্গবন্ধু অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদী নাম, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি প্রেরণার নাম, যিনি আমৃত্যু মানুষের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করে গেছেন। রাজনীতিবিদ তথা ছাত্র নেতৃবৃন্দকে সেই চেতনা ধারণ করে মানুষের জন্য কাজ করতে হবে।’
রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা ও স্বাধীনতার গান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ‘‘যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন, তাদের অন্তত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়া উচিত। বর্তমান ঢাবিতে ছাত্রলীগের একটা শক্ত অবস্থান ও প্রভাব রয়েছে। সুতরাং শিক্ষার্থীদের গণরুম ও গেস্টরুম নামক কারাগারের নির্যাতন থেকে মুক্তির জন্য ছাত্রলীগকে সোচ্চার হতে হবে।’
অনুষ্ঠানে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘একজন বড় মাপের রাজনীতিবিদ হয়েও গান, সাহিত্যকে বঙ্গবন্ধু হৃদয়ে করতেন। শিক্ষার্থী-তরুণ সমাজকে বঙ্গবন্ধুকে বেশি ধারণ করতে হবে।’
ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।








