গত এক মাসে পার্বত্য চট্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে আটটি দেশি-বিদেশি অস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করছে। গত আগস্ট (২০১৯) মাসে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে গুলি বিনিময়ের দুটি ঘটনায় ইউপিডিএফ (মূল) দলের একজন শীর্ষ সন্ত্রাসীসহ চারজন সন্ত্রাসী নিহত হয়। ১৮ আগস্ট সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন সেনাসদস্য প্রাণ হারান।
আরও জানানো হয়, ১ আগস্ট ঢাকার সিএমএইচ এ হাঙ্গেরির একটি মেডিক্যাল টিমের সহায়তায় ৩৩ ঘণ্টাব্যাপী অপারেশনের মাধ্যমে মাথা জোড়া লাগানো যমজ শিশু রাবেয়া ও রোকেয়ার সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়। অপারেশনের শেষে হাঙ্গেরির মেডিক্যাল টিম ফিরে যাওয়ার পর সিএমএইচ-এর একটি মেডিক্যাল টিম শিশু দুটিকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।
এদিকে ঢাকা সেনানিবাসের এএফআইপিতে আগস্ট মাসে তিন হাজার ২৭৫ জন বেসামরিক ব্যক্তিকে ডেঙ্গু টেস্টের যাবতীয় সহায়তা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।








