অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো সার্ভেয়ার বা সমমানের পদে বিভিন্ন দফতরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান মো. হুমায়ূন কবির তুষার বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৯৮৭ সাল হতে তিন বছর মেয়াদি অন্যান্য ডিপ্লোমার মতো সার্ভে ডিপ্লোমা শিক্ষাক্রম চালু হয়। পরবর্তীতে কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে ২০০০ সাল হতে অন্যান্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম চালু হয়। সরকারের সব দফতরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়। অথচ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। আমরা চাই, আমাদের এ দাবিসহ অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হোক।
তাদের দাবিগুলো হলো— সমমানের পদে বিভিন্ন দফতরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে, উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদে পদোন্নতিতে পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্তদের দ্রুত জিও জারি করতে হবে, সমমান পদের নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রতিস্থাপন করতে হবে, সার্ভেয়ার পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে এবং সমমানের শূন্যপদে নিয়োগ দিতে হবে।
এক মাসের মধ্যে কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মাইনুল হক চৌধুরী দুলাল ও সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।







