দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করতে হবে। দেশ থেকে মাদক নির্মূলে যেমন কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে দৈনিক বাংলাদেশের খবরের আয়োজনে 'নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার যারা ভোক্তা তাদের যেমন খাবার গ্রহণে সচেতন হতে হবে তেমনি উৎপাদকদেরও বিশুদ্ধ খাবার উৎপাদন বাধ্যতামূলক। আমি ২০১৩ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি করেছি। এটি শক্তিশালী হয়ে গড়ে ওঠা এখন সময়সাপেক্ষ।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে আতঙ্ক ফার্মের মুরগি খেলে ক্যান্সার হয়। কিন্তু বিদেশে সবাই ফার্মের মুরগি খায়, কোনও সমস্যা নেই। তাই আমাদের দেশে কঠোর নজরদারির মাধ্যমে মুরগি উৎপাদন করতে হবে, যেন সবার মধ্যে আস্থা ফিরে। সেই সঙ্গে দেশ যেন প্রতিটি খাদ্য নিরাপদভাবে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা পায় তারও ব্যবস্থা করতে হবে। এই সরকার বলেছে নিরাপদ খাদ্য নিশ্চিত করবে। সেজন্য যেসব উদ্যোগ নেওয়া দরকার, তা নেবো।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খুরশিদ জাহান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান এবং দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া।








