রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই স্থাপনা নির্মাণের অভিযোগে মিরপুরে ৩টি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয় বলে জানান দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, শাহ আলী শপিং কমপ্লেক্স, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স ও বাগদাদ শপিং কমপ্লেক্সের বেজমেন্ট ও কার পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করে বিক্রি ও ভাড়া দেওয়া হয়েছে। এ কারণে ক্রেতারা সড়কে যানবাহন পার্কিং করতে বাধ্য হচ্ছেন। এতে মিরপুর ১০ নম্বর সেকশনসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুদক জানায়, রাজউকের নিয়মিত তদারকি না থাকায় শপিং কমপ্লেক্সগুলোর বেজমেন্ট ও পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় রাজউক জোন-৩-এর অথরাইজড অফিসার মুকিদ ইহসান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে রাজউককে ব্যবস্থা নেওয়ার ও তদারকি বাড়ানো পরামর্শ দেয় দুদক টিম।








