জাতিসংঘ সদর দফতরে ভ্যাকসিন হিরো সম্মাননায় ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর)।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর) এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব শেখ আব্দুল্লাহ আল মামুন এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অর্জন বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত। বর্তমান সরকারের চেষ্টায় গত এক দশকে স্বাস্থ্য খাতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি অর্জন করেছে।
তারা বলেন, এসডিজি অর্জনে স্বাস্থ্যসেবাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করাতে বর্তমান সরকারের সক্ষমতা নিঃসন্দেহে প্রশংসনীয়। ইতোমধ্যে ম্যালেরিয়া নির্মূল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, নারীদের ক্যান্সার প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচিও বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে।
একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের সুচিকিৎসার অঙ্গীকার নিয়ে আমাদের সংগঠন আশা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও প্রত্যক্ষ নির্দেশনায় দেশের স্বাস্থ্যখাতে যে বিপ্লব সম্পাদিত হয়েছে তার ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।








