ক্যানসারের উপাদান থাকায় ভারতের দুটি কোম্পানির রেনিটিডিন বাজারজাত নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। একই সঙ্গে তাদের কাছ থেকে এই ওষুধের কাঁচামাল আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। কোম্পানি দুটি হলো সারাকা লাবরেটরিজ ও ডক্টর রেড্ডি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঔষধ প্রশাসন অধিদফতরের সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আলোচনা শেষে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এই আলোচনা ঔষধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান রেনিটিডিনের ওপর দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা তাদের (ওষুধ শিল্প সমিতি) সঙ্গে আলোচনা করেছি। এটা দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য হুমকিস্বরূপ। সবাই একমত হয়ে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রিতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’








