ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এক শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষার্থীকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে তাকে শোকজ নোটিশ দিয়েছে হল প্রশাসন। রবিবার (২৯ সেপেম্বর) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়ার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
হলের সিসিটিভি ফুটেজে মারধরের সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ। বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম রাব্বি আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
জানা যায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হলের অতিথি কক্ষে (গেস্ট রুমে) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে আঘাত করে রাব্বি যার সত্যতা সিসিটিভি ফুটেজে মিলেছে।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘এক শিক্ষার্থীকে মারধরের প্রমাণ সিসিটিভি ফুটেজে দেখেছি। তাই ওই শিক্ষার্থীকে (রাব্বি) হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’








