রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, উত্তরা, খিলক্ষেত ও মিরপুর এলাকায় ফুটপাত এবং সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়।
কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার। তিনি কাওরান বাজারের চালের আড়ত, মাছের আড়ত এবং রেললাইনের পাশ থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এছাড়া দুপুরের পর ফার্মগেট থেকে ইন্দিরা রোড পর্যন্ত ফুটপাত ও সড়ক থেকে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফিউল আজমের নেতৃত্বে মিরপুর ৬ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের বিভিন্ন সড়ক থেকে ৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখার অপরাধে দুটি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ মিয়া এবং জুলকার নাইনের নেতৃত্বে উত্তরার ৯ ও ১০ নম্বর সেক্টর এবং খিলক্ষেতের কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত ও সড়ক থেকে প্রায় ৬৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাতের ওপর অ্যাম্বুলেন্স রাখার অপরাধে সাতটি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।








