রাজধানীর মতিঝিল থানায় দায়ের মাদক মামলায় মো. মিন্টু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের সহযোগী অ্যাডভোকেট মেহেদী হাছান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি মিন্টু আদালতে অনপুস্থিত ছিল। রায় ঘোষণা শেষে বিচার তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
২০১২ সালের ২৭ মার্চ মতিঝিল থানা এলাকা থেকে মিন্টুর কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন মুন্সী মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক মামলাটি তদন্ত করে ওই বছরের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন।








