রংপুর-৩ জাতীয় সংসদের শূন্য আসনে উপনিবার্চন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)। রবিবার (৬ অক্টোবর) জানিপপের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জানিপপের ১৫ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক ভ্রাম্যমাণ ভিত্তিতে ২০টি ইভিএম ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণে দেখা যায় যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, বিজিবিসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রতি কেন্দ্রে দুই জন করে সেনা সদস্য টেকনিক্যাল সাহায্য প্রদানে মোতায়েন ছিলেন। এ ছাড়াও জাতীয় ও স্থানীয় গণমাধ্যম যেমন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
এ নির্বাচনে ১৭৫টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা
ইভিএম ব্যবহার করে ভোট দিতে কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছেন।
এতে আরও বলা হয়, এ উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি ছিল স্বাভাবিক, সুশৃঙ্খল ও সন্তোষজনক। সকাল ৯টা শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বাড়তে থাকে। সামগ্রিক বিচারে এ নিবার্চন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিপপ মনে করে।








