যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অফিসের সামনে থেকে গ্রেফতার করা তিন যুবককে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রবিবার সন্ধ্যায় ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসে অভিযান শেষে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় এই তিন যুবক বাধা দেওয়ার চেষ্টা ও হইচই করেছিল। ওই সময়েই তাদের আটক করে রমনা থানায় নিয়েছিল পুলিশ।
আদালতে সংশ্লিষ্ট থানার নন-জিআর শাখার পুলিশের সহকারী উপ-পরিদর্শক তাজমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
জামিন পাওয়া তিনজন হলেন– শেখ এনায়েত হোসেন টুটুল, আমিনুল্লাহ ভূঁইয়া মোহন ও মো. মিজানুর রহমান।
উপ-পরিদর্শক তাজমিনুর রহমান বলেন, ‘গতকাল (রবিবার) আসামিদের (ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১) আমলযোগ্য অপরাধের নিবারণের জন্য গ্রেফতার করা হয়।’
এর আগে, ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। সে সময় তার সহযোগী যুবলীগের আরেক নেতা আরমানকেও গ্রেফতার করা হয়। পরে তাদের ঢাকায় আনা হয়। এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র্যাব। ক্যাঙ্গারুর চামড়া সংরক্ষণের অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। রাতেই তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: অবশেষে সম্রাট গ্রেফতার








