মাদক মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর দুজন হলো-রোমান ও আখতারুজ্জামান।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে বলেন।
আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখার পুলিশ কনস্টেবল ময়েজ আহমেদ এই তথ্য জানান।
জানা যায়, চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরের পর আসামিদের আদালতে নেওয়া হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবীরাও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম।
গত ১ অক্টোবর বাড়িতে দুটি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণি সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১।
উল্লেখ্য, সম্প্রতি দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের পর পরই ১৪ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটিতে রদবদল আসে। এর তিন দিন পর গত ১৮ সেপ্টেম্বর মতিঝিলের ক্লাব পাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র্যাব। এরপর ধানমন্ডি, কলাবাগানসহ উত্তরা, গুলশান, তেজগাঁওয়ের বেশ কিছু ক্লাবে একই ধরনের অভিযান চালায় পুলিশ ও র্যাব। এসব অভিযানে ক্যাসিনো সামগ্রীসহ প্রচুর পরিমাণে মদ ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানগুলোতে যুবলীগের কয়েকজন নেতাসহ বেশ কিছু ক্লাবের সংগঠককে ক্যাসিনোতে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আটক হয়েছেন অনলাইন ক্যাসিনোর বাংলাদেশ প্রধান হিসেবে অভিযুক্ত সেলিম প্রধান








