সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, মর্যাদা রক্ষা ও সাংবাদিকতা পেশার মান বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত এডিটরস গিল্ড, বাংলাদেশ আরও চার সম্পাদককে সংগঠনের সদস্য করেছে। এ নিয়ে সংগঠনের সদস্য সংখ্যা দাঁড়ালো ২০ জনে। শনিবার (১২ অক্টোবর) বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এ সদস্যপদ অনুমোদন করা হয়।
এডিটরস গিল্ডের নির্বাহী সচিব রিয়াজুল বাশার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন সদস্যরা হলেন, সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক আলতামাশ কবীর, সরগম-এর সম্পাদক কাজী রওনক হোসেন, এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ও ডট-এর সম্পাদক খান মো. মুস্তাফা খালীদ পলাশ।
সভায় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রধান রেওয়ানুল হক রাজাকে।
এছাড়া, সংগঠনের অপারেশন্স ও মেম্বারশিপ কমিটিতে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্য হওয়ার আবেদনগুলো মেম্বারশিপ কমিটি বাছাই করে যে সুপারিশ করে, তার ওপর ভিত্তি করেই নির্বাহী কমিটি নতুন সদস্যপদ অনুমোদন দেয়।
এডিটরস গিল্ডের সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সারাক্ষণ মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক স্বদেশ রায়, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, গাজী টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, দেশ টেলিভিশনের সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রধান রেওয়ানুল হক রাজা, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
উল্লেখ্য, সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে ২০১৮ সালে ২১ ডিসেম্বর নতুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।








