হাইকোর্টের রায় অনুসারে দফতরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণে দাবি জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারি কল্যাণ সমিতি।
রবিবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
সংগঠনের পক্ষে সিনিয়র সহসভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘হাইকোর্টের রায়ে দফতরিদের জন্য আলাদা এবং নৈশ প্রহরীদের জন্য আলাদা দুটি পদ সৃষ্টি করার কথা বলা আছে। একই সঙ্গে চাকরি জাতীয়করণের (রাজস্ব খাতে স্থানান্তর) নির্দেশনা রয়েছে। এছাড়া সরকারের তৈরি করা দফতরি নিয়োগের নীতিমালাকে একপেশে হিসেবে আখ্যায়িত করেছেন আদালত। নভেম্বরের মধ্যে আদালতের এই রায় বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। অন্যথায় ডিসেম্বর মাসে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দফতরি কাম প্রহরী পদে নিয়োগের পর থেকে আমাদের সার্বক্ষণিক বিদ্যালয়ের কাজে নিয়োজিত থাকতে হয়। কোনও নৈমিত্তিক ছুটি নাই। বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে ২৪ ঘণ্টা কাজ করতে হয়। কিন্তু এই কর্মঘণ্টার বিনিময়ে বেতন মাত্র ১৪ হাজার ৪৫০টাকা, যা বাস্তব সম্মত নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাধন কান্ত বাড়ৈ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা, সহসভাপতি আবুল কালাম, মো. মজিবুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।








