দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিনের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে। আপিল আবেদনটির ওপর আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে (প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ) শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে দুদকের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে গত ২৮ অক্টোবর এ মামলায় হারুন অর রশিদকে ৬ মাসের জামিন দেন বিচারপতি মো. শওকত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে নিম্ন আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণের আদেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর হারুন অর রশিদকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সোমবার (২৮ অক্টোবর) তিনি হাইকোর্ট আপিল করেন এবং এর সঙ্গে জামিন আবেদন দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। মামলার বাদী হলেন পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন আদালত।
শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। এ মামলায় আরও দুজনকে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন, চ্যানেল নাইন এর ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পী এবং গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।








