রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিয়মনীতি ছাড়াই আধকাঠা জমিতে ৭ তলা ভবন নির্মাণ হচ্ছে—এমন অভিযোগে রাজধানীর নারিন্দায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বায়েজেদুর রহমান খান ও উপসহকারী পরিচালক ফাহমিদা আক্তারের সমন্বয়ে গঠিত একটি এই অভিযান চালায়।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযানে রাজউকের অথরাইজড অফিসার, পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় দুদক টিম নথিপত্র পর্যালোচনা করে। তারা সরেজমিনে দেখতে পায়, ইমারত নির্মাণের সব ধরনের নিয়মনীতি উপেক্ষা করে পাশাপাশি তিনটি ভবন নির্মাণ করা করছে। নকশাবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ এসব ভবন উচ্ছেদে রাজউক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দুদক। এ বিষয়ে দুদক টিম সংস্থায় প্রতিবেদনও দাখিল করবে।








