গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ এবং স্বর্ণকলি হাইস্কুলে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানিয়েছেন, এবার ৭টি ইউনিটের অধীনে ২০ বিভাগে সর্বমোট ১,৪৩০ আসনের জন্য ৩০,১৯০ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর দুপুর, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর এবং ই, এফ ও জি ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর, ২০১৫ তারিখ অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।
/জেবি/টিএন/








