চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ গ্রামের ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব গ্রামে সুপেয় পানি সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
এ-সংক্রান্ত এক মামলায় জারি করা রুলের শুনানি শেষে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়কে পানি আইনের অধীনে এই চার গ্রামকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কিনা, তা তিন মাসের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
পরে অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ গ্রামের ভূগর্ভস্থ পানি বিভিন্ন শিল্পকারখানা তুলে নিচ্ছে। এ কারণে ৩০ হাজার গ্রামবাসী মানুষ পানি পাচ্ছে না। এছাড়া ৩০০ টিউবওয়েল বিকল হয়ে গেছে।
এ অবস্থায় হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে রিট করা হয়। আদালত রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় ঘোষণা করলেন।








