ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাহাব উদ্দিন আজাদ গত ২৪ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেন। এরপর ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস মিয়ার আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হয়।বিচারক চার্জশিট দেখে বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথিটি সিএমএম বরাবর প্রেরণের আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তাহেরা বানু আজ( মঙ্গলবার) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ১ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় কাউন্সিলর মঞ্জুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয় থেকে তাকে আটক করে।








