পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বিজ্ঞানভিত্তিক সাইবার, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তদন্ত করে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করতে হবে। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ১০০তম ‘এইড টু গুড ইনভেস্টিগেশন’-সহ ৬টি কোর্স উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে জাবেদ পাটোয়ারী বলেন, গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করতে হবে। সঠিকভাবে তদন্তের মাধ্যমে মামলার মূল রহস্য বের করে আনতে হবে। সিআইডি শত বছরেরও বেশি সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য ও গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সিআইডির মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য সবাইকে পেশাদারি ভূমিকা পালন করতে হবে।
আইজিপি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী পুলিশ হতে নিজেদের প্রস্তুত করতে হবে।
সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিটিএসের কমান্ড্যান্ট মো. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. শাহাব উদ্দীন কোরেশী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি কোর্সগুলো উদ্বোধনের আগে ১০তলা ডিটিএসের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।








