ধান, গম, পেঁয়াজ, রসুনসহ সব কৃষি পণ্য ও পোল্ট্রি ফিড থেকে উৎপাদিত মুরগী, ডিম এবং ডেইরি দুধের ন্যায্যমূল্য নির্ধারণের বিষয়ে একটি স্বাধীন ন্যায্যমূল্য কমিশন গঠন চেয়ে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। কৃষি মন্ত্রণালয় ছাড়াও অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে এ নোটিশ দেওয়া হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রেজিস্ট্রি ডাক যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম এ নোটিশ পাঠিয়েছেন।
অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, ‘কৃষকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কষ্ট করে ফসল ফলান। এরপরও তারা কৃষি পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাদের কাছ ফসল কিনে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন। কিন্তু আমরা ঠিকই বেশি দামে এসব পণ্য কিনে খাচ্ছি। তাই কৃষি পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করার জন্য একটি স্বাধীন কমিশন গঠনের দাবিতে নোটিশ পাঠানো হয়েছে।’
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সব কৃষি পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণের জন্য স্বাধীন কমিশন গঠন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।








