চীনা নাগরিক গাউ জিয়ান হুকে হত্যার কথা স্বীকার করেছে আসামি আব্দুর রউফ ও ইনামুল হক। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তারা এ স্বীকারোক্তি দেয়।
এদিন আসামিদের পক্ষে কোনও আইনজীবী না থাকায় বিচারক তাদের কিছু বলবে কিনা জিজ্ঞেস করলে তারা চুপ থাকে। পরে বিচারক তাদের বলেন, তারা হত্যা করেছে কিনা? তখন তারা হত্যার কথা স্বীকার করে। কীভাবে হত্যা করেছে জানতে চাইলে বলে, গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর তারা গাউ জিয়ান হুর টাকা নেয়। শুনানি শেষে বিচারক দুই আসামিকে চার দিনের রিমান্ডে পাঠান।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ফজলুল হক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে এ দুজনকে গ্রেফতার করা হয়।
গত ১১ ডিসেম্বর দুপুরে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পেছনে ফাঁকা জায়গায় মাটিচাপা দেওয়া অবস্থায় গাউ জিয়ান হুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মা সেতুতে পাথর সরবরাহ করতেন। ব্যবসায়িক দ্বন্দ্বে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগ মামলার তদন্ত করছে।








