রাজধানীর রূপনগরে ফজিলাতুন্নেছা ওয়াকফ এস্টেটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান চলছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.শাহীন মিয়া বলেন, ‘এখানে গণপূর্তের অধীনে ৪৭৪টি প্লট রয়েছে। আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চলছে। তিনি জানান, উচ্ছেদ অভিযানের আগে এখানকার সবাইকে অবগত করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষ ভেকু দিয়ে ভেঙে জায়গা খালি করার কাজ করছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।
এদিকে, স্থানীয়রা বলছেন, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে জায়গা কিনে বসবাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেছেন তারা। তারা দলিল অনুযায়ী প্রতিবছর খাজনা ও আয়কর পরিশোধ করে আসছেন। কিন্তু তিন দিন আগে তাদেরকে উচ্ছেদের বিষয়টি জানানো হয়। আজ (রবিবার) সকারে উচ্ছেদ শুরু হয়েছে।
ভুক্তভোগী আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ১৯৯৭ সালে এখানে আড়াই কাঠা জমি কিনেছি। পরে নিজের জমিতে কালাম রাইস নামে ব্যবসা প্রতিষ্ঠান চালু করি। তখন থেকে আয়কর ও খাজনা দিয়ে আসছি। কিন্তু আমাকে এখন এই জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। তিনি বলেন, ‘এই শীতের মধ্যে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। অভিযান করছে। আমরা কই যাবো। সব শেষ আমার।’
অভিযান চলাকালে দেখা গেছে, স্থানীয়রা নিজেরাই তাদের মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন। গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষ ভেকু দিয়ে বিভিন্ন স্থাপনা ভেঙে দিচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই ঘটনাস্থলে একটি জলকালসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।








