কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধদের মধ্যে এখনও ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থা উন্নতির দিকে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে চিকিৎসকরা জানান, এদের মধ্যে কয়েকজনকে রিলিজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন দুজন। তারা হলেন- মো. সোহাগ (২৫) ও মো. ফিরোজ (৩২)। বাকি ৮ জন রয়েছেন ঢামেক হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)। তারা হলেন—বশির, মো. জিসান, লাল মিয়া, শাখাওয়াত, মো. জাকির, সাজিদ, আসলাম, ও মো. সিরাজ।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখানে ১০ জন লাইফ সাপোর্টে ছিলেন। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন। বর্তমানে দুজন আইসিইউতে রয়েছেন। তাদের কয়েক দিন আগেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তাদের এখন অনেক উন্নতি হয়েছে।’
ঢামেকের বার্ন ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক তাহমিনা আক্তার জানিয়েছেন, এখানে ৮ জনের অবস্থার অনেক উন্নতি হয়েছে। আহতদের কয়েকজনকে আরও কিছুদিন রাখতে হবে। তাদের ছোটখাটো সার্জারি করতে হবে। বাকিদের রিলিজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সোমবার (২৩ ডিসেম্বর) চিকিৎসকদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। ৮ জনের সবার অবস্থাই আশঙ্কামুক্ত।’
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়ার ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও ২১ জন।








