রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০। বাণিজ্য মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় ডিএমপি সদর দফতরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের পৃথক প্রবেশ ও বাহির গেট থাকবে। মেলার ভেতরে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করানো হবে। প্রবেশ গেটগুলোতে দিক নির্দেশনামূলক ডিজিটাল সাইনবোর্ড থাকবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। মেলা চলাকালে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। মেলা প্রাঙ্গণে পুলিশের ১০টি ওয়াচ টাওয়ার থাকবে, এর মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। মেলা প্রাঙ্গণকে বোম্ব ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।
এছাড়া, মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে চারটি হেল্প ডেস্ক থাকবে। মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় মাইকিং করে যানবাহন পার্কিং সংক্রান্ত নির্দেশনা প্রচার করা হবে। মেলায় থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। মেলার অভ্যন্তরে দৃশ্যমান স্থানে দুটি অভিযোগ বাক্স স্থাপন এবং সার্ভিস ডেলিভারি অফিসার থাকবেন। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। মেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের একটি সাব-স্টেশন থাকবে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে মেলা প্রাঙ্গণে Evaquation route থাকবে। মেলার অভ্যন্তরে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহারের বদলে স্বল্প শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে। পুলিশ কন্ট্রোলরুমে লোকেশন সম্বলিত সাইট ম্যাপ থাকবে।
বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য তালিকা সার্বক্ষণিক প্রদর্শিত করতে হবে। যদি ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শিত না করা হয়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সেই স্টলকে জরিমানা করা হবে।
মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বলেন, ‘প্রতি সাত দিন পরপর মেলার আইনশৃঙ্খলা কার্যক্রম রিভিউ করতে হবে। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোনও হকার ও ভিক্ষুক থাকবে না।’
এবারের ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে আগামী ১ জানুয়ারি (২০২০), আর শেষ হবে ৩১ জানুয়ারি।
সমন্বয় সভায় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








