সচিবালয়ের চারপাশে হর্ন বাজানো নিষিদ্ধ করে পরিবেশ মন্ত্রণালয়। গত ১৭ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা বহাল রাখতে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন রাস্তায় নেমে সচেতনতা বাড়াতে র্যালিও করেন। কিন্তু ৭ দিন না পেরোতেই আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজের মন্ত্রণালয়েরই গাড়ি সচিবালয়ের পাশে হর্ন বাজিয়ে জরিমানা গুনে গেলো।
ঢাকা মেট্রো-গ ৩৪-১১১৫ নম্বরের কালো রঙের গাড়িটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার।
কালো রঙের অ্যাভেঞ্জা গাড়িটিতে তখন শুধু চালক ছিলেন। হর্ন বাজানোয় জরিমানা করা হয় ৩০০ টাকা। চালকের কাছে টাকা না থাকায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয় গাড়িটি। পরে টাকা নিয়ে এসে গাড়িটি ছাড়িয়ে নেন চালক।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, ‘হর্ন বাজালে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সরকারি কর্মকর্তাদের গাড়িকেও জরিমানা করেছি।’ তিনি বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে। জরিমানার চেয়ে সচেতন করার কাজটি বেশি করছি। লিফলেট দিচ্ছি। আরও প্রচার প্রয়োজন।’
আজকের অভিযানে ১৪টি গাড়িকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ মন্ত্রণালয় ছাড়াও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিবি), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সোনালী ব্যাংকের একটি করে গাড়িকেও জরিমানা করা হয়েছে।








