মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এ পর্যন্ত ৭৫ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান রবিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটি জানায়, গত ২৪ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মামলার ৭৫তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে বিচার শেষে ৪১ মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব রায়ের বিরুদ্ধে আনা আপিল ও আপিল রায়ের রিভিউতে এ পর্যন্ত সাতটি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি রায়ের পর জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক দুই সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মেল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, জামায়াতের সাবেক নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। আপিল ও আপিল রায়ের রিভিউতেও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছিল।
এছাড়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, আপিলের রায় হাতে পেলে রায় রিভিউ চেয়ে আবেদন করা হবে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের আপিলের রায় ঘোষণার জন্য ১৪ জানুয়ারি তারিখ ধার্য রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ কায়সারের আপিল মামলায় উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার এ তারিখ ধার্য করে আদেশ দেয়।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান জানান, আরও বেশ কটি মামলা আপিলে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
পর্যায়ক্রমে এসব আপিল মামলা শুনানি ও নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।








