ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এবং রাজধানীর পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অপরাধীরা এখনও শনাক্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তদন্ত চলছে, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’ সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ককটেল বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা শঙ্কা তৈরি করছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলেই পুলিশ যেতে পারে না। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সেখানে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।’
শফিকুল ইসলাম বলেন, ‘এছাড়া বিএনপি পার্টি অফিসের সামনের সড়কটি ব্যস্ততম। অনেক যানবাহন সেখানে চলাচল করে। কোন যানবাহন থেকে কীভাবে ককটেল ফেলা/ছোড়া হয়েছে, ইতোমধ্যে সেটি তদন্তের জন্য সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট এলাকার ডিসিকে নির্দেশনা দিয়েছি, নিরাপত্তা নিশ্চিতে বিএনপি পার্টি অফিস এলাকা পুরোটা যেন সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়।’
ডিএমপি কমিশনার বলেন, ‘যেগুলোর বিস্ফোরণ ঘটেছিল, সেগুলো ককটেল, আইইডি না। এগুলো শুধু শব্দ করে। তবে আমরা অচিরেই এসব বিস্ফোরণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো।’
থার্টি ফাস্ট নাইট উদযাপনের ক্ষেত্রে কোনও হুমকি রয়েছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘সুস্পষ্ট হুমকি না থাকলেও উন্মুক্ত স্থানের ক্ষেত্রে তো প্রচ্ছন্ন হুমকি থাকে। সেজন্য এবারও উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না।’








