রাজধানীর বনানী এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. আজিম পরামানিক (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। শনিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিসমত হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে আজিমের ব্যবহৃত ট্রাক্টরের সাইড কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজিম পাবনার কাজীপাড়ার রাঘবপুর গ্রামের মৃত নিয়ামত পরামানিকের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, এই চক্রের সদস্যরা মিয়ানমার থেকে নদীপথে ইয়াবার চালান কক্সবাজারে নিয়ে আসে। এরপর সেখান থেকে ছোট ছোট চালানে ভাগ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মাদক কারবারিদের কাছে সরবরাহ করে। আটক আজিম চক্রের মূলহোতার নির্দেশে মাদকের চালান ঢাকার মাদক কারবারিদের কাছে সরবরাহের জন্য ট্রাক্টরে লুকিয়ে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আজিম পেশায় একজন কৃষক। এই মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত হওয়ার পর থেকে সে কৃষিপণ্য পরিহনের আড়ালে মাদকের চালান পাচার করে আসছে। এই চালানটিও রাজধানীর একজন মাদক কারবারির কাছে হস্তান্তরের কথা ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে ইয়াবার চালানটি ট্রাক্টরের সাইড কভারে কৌশলে লুকিয়ে রাখে। বিভিন্ন কৌশল অবলম্বন করে এর আগেও অন্তত ৮-১০টি মাদকের চালান রাজধানীতে সরবরাহ করেছে বলেও স্বীকার করেছে সে।
তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।








