ক্ষমতায় থাকার জন্য এই সরকার পুলিশ, প্রশাসন, সামরিক বাহিনী, বিচার বিভাগসহ সবক্ষেত্র তাদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেছেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিশাল পরিকল্পনা নিয়েছে। তারা ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সচিবালয়ের সব পদে আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দিয়েছে।’
রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ আয়োজিত ‘বিজয়ের ৪৮ বছরে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা এখনও সমালোচনার পর্যায়ে রয়েছি। এর বেশি কিছু করতে পারেনি। কথাবার্তা, বক্তব্য দিয়ে কিছু হবে না। আমরা যদি এগুলো ভাঙতে না পারি তাহলে কোনোদিনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না।’
আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।








