ধর্ষকের ফাঁসির দাবিতে রাজধানীর কুর্মিটোলার ফুটপাতে মানববন্ধন শেষে বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে কুর্মিটোলায় বাসযোগে পৌঁছে এ কর্মসূচি পালন করছেন তারা।
ঢাবি শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে মানববন্ধন করেন। পরে পৌনে ৪টার দিকে তারা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে বিমানবন্দর সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শুভ বলেন, ‘যখন দেশ উন্নত হচ্ছে, যখন নিরাপদ ঢাকার কথা বলা হচ্ছে, তখন এভাবে একটি জনবহুল এলাকায় আমাদের সহপাঠী ধর্ষণের শিকার হয়েছে। আমরা দ্রুত ধর্ষককে আইনের আওতায় আনার দাবি জানাতে এখানে মানববন্ধন করছি। আমরা ধর্ষকের ফাঁসি চাই।’
তিনি আরও বলেন, ‘ধর্ষকের ফাঁসি ছাড়া আমাদের আর কোনও চাওয়া নাই।’
অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘এখানে একটি বাহিনীর সংরক্ষিত এলাকা, সেখানে এই ধর্ষণের মতো ঘটনা ঘটলো কীভাবে? আমরা এর বিচার চাই।’
আরও পড়ুন...
কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সে আমাদের মেয়ে, তার মনোবল শক্ত থাকবে: ঢাবি ভিসি
ধর্ষণের বিচার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ








