ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় খিলগাঁও জোড় পুকুর মাঠটি পরীক্ষামূলকভাবে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ডিএসসিসি মেয়র সাঈদ খোকন খিলগাঁও জোড় পুকুর মাঠটি পরিদর্শন করেন।
গত বছরের প্রথম দিকে মাঠের কাজ শুরু হয়। মাঠের ভেতরে ২৪টি ও বাইরে ২৪টি এলইডি লাইট বসানো থাকবে। ৬৭ মিটার দৈর্ঘ্য ও ৪৭ মিটার প্রস্থের মাঠটির কাজ প্রায় শেষ হয়েছে। অল্প কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে। সব কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মাঠটির উদ্বোধন করা হবে। মাঠটির নকশা করেছেন স্থপতি রফিকুল আজম। মাঠে সবুজ ঘাস বোনা হয়েছে। চারদিকে ১৬ ফুট বিশিষ্ট লোহার নেটের প্রাচীর ও মাঠের পাশের ড্রেনের সংস্কার কাজ শেষ হয়েছে। এছাড়া এখানে শিশুদের খেলার জন্য দোলনা, সিঁড়িসহ বিভিন্ন উপকরণ বসানো হবে। মাঠের চারপাশে হাঁটার জন্য ওয়াকিং ওয়ে ও সিসি ক্যামেরা থাকবে।
মেয়র বলেন, ‘এক সময় পার্কটি প্রোপারলি ব্যবহারের অনুপযোগী ছিল। আমরা পার্কটি বদলে দিতে কাজ করেছি। বর্তমানে পার্কটি মোটামুটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। আরও কিছুটা কাজ এখনও বাকি। এ অবস্থায় এসে আমরা পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দিলাম। সবাই এখন পার্কটি ব্যবহার করতে পারবেন এবং এই ব্যবহারের সময় যদি কোনও ভুল ক্রুটি ধরা পড়ে বা পরামর্শ থাকে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। সব কাজ শেষ হওয়ার পর পরবর্তী সময় আমরা আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করবো। সেই পর্যন্ত পার্কটি সবার জন্য উন্মুক্ত থাকবে।’
পার্কটি উন্মুক্তকরণ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক,স্থপতি রফিক আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








