ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের কাছে ভাষানটেক বস্তির একমাত্র খেলার মাঠটি উদ্ধারের দাবি জানিয়েছেন সেখানকার তরুণরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে মিরপুরের ভাষানটেক বস্তিতে গণসংযোগে যান আতিকুল ইসলাম। সেখানে সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য দেওয়ার সময় বস্তিতে বসবাসকারী তরুণরা দখল হওয়া এই খেলার মাঠ উদ্ধারের দাবি জানান।
সরেজমিন ঘুরে দেখা যায়, ভাষানটেক বস্তির পাশে একটি মাঠ আছে। স্থানীয়দের কাছে এটি বেনারসি মাঠ নামে পরিচিতি। মাঠের এক পাশে তাঁত বোর্ড ও বেনারসি পল্লি সমিতির দুটি অফিস।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে, তাঁত বোর্ডের মেলা আয়োজন করার কথা ছিল এই মাঠে। সেজন্য দুই মাস আগে এখানে মাটি ফেলা হয়। সেই মাটি এখনও সেভাবেই আছে। মাটি সরানোর কিংবা মাঠ সমান করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আয়োজন হয়নি তাঁত মেলারও।
মাঠে খেলতে না পারে আক্ষেপ প্রকাশ করেন এলাকার অনেক তরুণ। এই বস্তিতে বসবাসকারী এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, আগে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হতো। মাটি ফেলার পর মাঠে খেলার আর উপায় নেই। যে পাশে ক্রিকেট খেলা হতো সেখানে মাটি ফেলে রাখা হয়েছে।
মাঠে খেলতে না পেরে অনেকেই রাস্তায় খেলতে যান বলে জানান ওই শিক্ষার্থী। এতে সড়ক দুর্ঘটনায় একজনের পা হারানোর কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভাষানটেক বস্তিতে নির্বাচনি প্রচার চালাতে আসেন। প্রত্যেক ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় লিফলেট বিতরণ করেন ও ভোট চান তিনি। এসময় বস্তিতে বসবাসকারীরাও তার সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে নৌকার স্লোগান দেন।
বস্তিতে গণসংগযোগের শেষে একটি বটগাছের নিচে সংক্ষিপ্ত পথসভা করেন আতিক।তিনি বলেন, ‘‘পুনর্বাসন না করে এই এলাকায় কোনও উচ্ছেদ হবে না। এই এলাকায় যারা থাকেন অনেক বয়স্ক নারীরা আমার কাছে এসেছেন, অনেক তরুণ-তরুণী এসেছেন, প্রত্যেকে বলেছেন— ‘আমরা যেন এখান থেকে উচ্ছেদ না হই।’ আমি যদি নির্বাচিত হই, কথা দিচ্ছি সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়ন করবো।’’
এসময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক হাত তুলে বলেন, ‘আমাদের একটাই খেলার মাঠ। এই মাঠ অনেক দিন ধরেই বন্ধ। এই মাঠ দখল করে রাখা হয়েছে। আমরা খেলতে পারতেছি না।’
এসময় আতিক বলেন, ‘এখানে এই যুবকসহ যারা আছেন, তারা আগামীর ভবিষ্যৎ। আমি সর্বাত্মক চেষ্টা করবো এই দখল করা মাঠ উদ্ধার করতে। আমি চেষ্টা করবো সবাইকে সঙ্গে নিয়ে এই মাঠ পুনরুদ্ধার করে তোমাদের কাছে ফিরিয়ে দিতে।’








