‘আমার মেয়েটা লড়াই করেই ফিরবে’

জাকিয়া আহমেদ
৩০ জানুয়ারি ২০২০, ১৮:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৯:০২

শেখ সামাওয়া জাহরি সরৌশী ‘মেয়েটা পৃথিবীতে আসার আগে থেকেই লড়াই করছে। জন্মের আগে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা গিয়েছিল ওর গলায় নাড়ি পেঁচানো। নির্ধারিত সময়ের ১২ দিন আগে অপারেশন করতে হয় ওর মায়ের। এরপর অসুস্থ হয়েছে কতবার! তবে এবারের লড়াইটা অনেক কঠিন… আমি বুঝতে পারছি। তারপরও আমার মেয়েটা ফিরবে, লড়াই করেই ফিরবে, এটা আমার বিশ্বাস।’

বুধবার (২৯ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চারতলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে বসে কথাগুলো বলছিলেন শেখ সামাওয়া জাহরি সরৌশীর বাবা শেখ গোলামুন্নবী জায়েদ।

দুই বছর চার মাস বয়সী সরৌশী শুয়ে আছে এই নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেডে। ছোট্ট এই মেয়েটির পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো, নাকে-মুখে লাগানো আছে নল। গত শুক্রবার (২৪ জানুয়ারি) গরম পানিতে ঝলছে গেছে সরৌশী।

চিকিৎসকরা জানিয়েছেন, সরৌশীর শরীরের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে, সঙ্গে আছে ডায়রিয়া আর জ্বর। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, তবে এখনও আশঙ্কামুক্ত নয়।
তারা বলছেন, শঙ্কামুক্ত হলেই আইসিইউ থেকে সরৌশীকে বের করা হবে। যতদিন শঙ্কা রয়েছে ততদিন আইসিইউতে রাখা হবে। বুধবার দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আরও দিতে হবে। গভীর ক্ষত বেশি, তাই সুস্থ হতে সময়ও লাগবে বেশি।
‘কেবল আমার মেয়েটার জন্য সবার কাছে দোয়া চাই। মেয়েটা যেন সুস্থ হয়ে আবার আগের মতো খেলতে, দৌড়াতে, আমাদের সঙ্গে আধো আধো বোলে কথা বলতে পারে, পড়াশোনা করবে আর অনেক বড় মানুষ হবে। আমি এইটাই বিশ্বাস করি, আর কারও কাছে কিচ্ছু চাই না’, বলছিলেন জায়েদ।
জায়েদের স্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক ওরিন নাশিদ হৃদির সঙ্গে থাকে সরৌশী। মেয়েটার কাছে থাকার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ-২৪-এ কর্মরত জায়েদ চাকরির ছেড়ে দিতে চেয়েছিলেন, ঢাকার বাসাও ছেড়ে দিয়েছেন।
জায়েদ বলেন, ‘আর মাত্র কয়েকটা দিন বাকি ছিল, আমার মেয়ে আমার কাছেই থাকতো। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে সে সময়টুকু দিলেন না!’


মা-বাবার সঙ্গে সরৌশী ঘটনার দিন গত শুক্রবার কী হয়েছিল জানতে চাইলে জায়েদ বলেন, ‘মেয়েকে গোসলের জন্য পানি গরম করা হচ্ছিল রান্নাঘরে। এমন সময় একটা ফোনকল আসে, সরৌশীর মা ফোনটা ধরতে গেলে সে মায়ের হাত থেকে ছুটে রান্নাঘরে যায়। তার কয়েক সেকেন্ড আগেই গরম পানির হাঁড়ি চুলা থেকে নামিয়ে রেখেছে সহকারী মেয়েটা। চোখের পলকে সেই ফুটন্ত পানির হাঁড়িতে গিয়ে পড়ে সরৌশী।’

তিনি বলেন, ‘চিৎকার শুনে রান্নাঘরে গিয়ে মেয়েকে হাঁড়ি থেকে তোলেন তার মা। কিন্তু ততক্ষণে সরৌশীর ছোট্ট শরীরটা ঝলসে গেছে। মা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির নিচে দাঁড় করান, কিন্তু যখন গায়ে থাকা জামা খুলতে যান, তখন সে জামার সঙ্গে গায়ের সব চামড়া উঠে আসে!’
জায়েদ জানান, দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নিয়ে যাওয়া হয় তাকে। এরপর গত সোমবার ঢাকায় নিয়ে আসা হয়। প্রথম দিনের পর থেকেই আইসিইউতে রয়েছে।
মেয়েটা কেবল ‘আম্মু’, ‘আব্বু’ বলতে পারে, এখনও পুরো বাক্য শেষ করে কথা বলতে পারে না—এই বলে কেঁদে ফেলেন জায়েদ। কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বলেন, ‘সে এক দুই তিন চার বলে আমাকে কিউ দিতো, আর তখন আমার গান গাইতে হতো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি—এই গানের প্রথম লাইন পারে সে। আমি হারমোনিয়াম বাজাতাম, মেয়ে সা-রে-গা-মা বলতো।’
তিনি বলেন, “আমি যতই বলতাম ‘বাংলাদেশ’, মেয়েটা বলতো ‘বান্দাদেশ’। আমার মেয়েটা শুদ্ধ ভাষায় ‘বাংলাদেশ’ বলবে, এই আশায় এতদিন থেকেছি…’ বলে একটু থামেন। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে জায়েদ বলেন, ‘আমার মেয়ে ফিরবে, ফিরবেই। লড়াই করেই ফিরবে আমার মেয়ে, এটা আমার বিশ্বাস।’
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, “শিশুদের ১০ শতাংশ বার্ন হলেই তাকে ‘মেজর বার্ন’ বলা হয়, কিন্তু এই ছোট মেয়েটার সেটা তিনগুণ বেশি, প্রায় ৩৩ শতাংশ ‍পুড়ে গেছে। কিছু অংশে রয়েছে একেবারে ‘ডিপ বার্ন’। সে তুলনায় আমরা যতটুকু পারছি, সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, আজও ড্রেসিং হয়েছে। তবে এখনও মোটামুটি স্টেবল বলা গেলেও জ্বর থাকার কারণে একটু চিন্তায় রয়েছি আমরা।’
সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেয়েটাকে দেখছেন জানিয়ে তিনি বলেন, তবু একেবারে শঙ্কামুক্ত বলার জন্য ‘ইটস টু আর্লি’!

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম