পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য মনোনয়ন কর্তৃপক্ষের নাম নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে পাঁচটি রাজনৈতিক দল। দলগুলো হলো ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এই পাঁচ দলের মনোনয়ন কর্তৃপক্ষের নাম সম্বলিত চিঠি পাওয়ার কথাটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ইসি’র যুগ্ম মহাসচিব মোকলেসুর রহমান।
শনিবার দুপুরে প্রথমে বিএনপি, এরপর জাতীয় পার্টি ও সবশেষে আওয়ামী লীগের মুখপাত্ররা এই নাম জমা দেন।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে বিএনপির পক্ষ থেকে দলের উপ প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ইসিতে মেয়র পদের মনোনয়ন কর্তৃপক্ষের নাম জমা দেন। এরপর দুপুর ১টায় এই নাম জমা দেন বিরোধী দল জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ও দুপুর ১টা ১০ মিনিটে আওয়ামী লীগের পক্ষ থেকে এই নাম জমা দেন দলের উপ-কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার।
আওয়ামী লীগ পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কর্তৃপক্ষ হিসেবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করেছে। জাতীয় পার্টি এই মনোনয়ন কর্তৃপক্ষ হিসেবে নাম উল্লেখ করেছে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাসদের পক্ষে দেওয়া হয় দলটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল কবির আম্বিয়ার নাম। এরমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনয়ন কর্তৃপক্ষ হিসেবে দলের সভাপতি ও চেয়ারম্যানের নাম দিলেও বিএনপি নাম উল্লেখ করেছে দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের নাম।
এর আগে গত ২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে মেয়র পদে মনোনয়ন কর্তৃপক্ষের নাম জমা দেওয়ার সময় বেঁধে দেন। সেসময় তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের সভাপতি/সাধারণ সম্পাদক বা তাদের মনোনীত কোনও ব্যক্তি মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন দেবেন।
/ইএইচএস/এসএম/টিএন/








