তফসিল ঘোষিত পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি পৌর নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগের বিরোধিতাও করেছে দলটি। এছাড়া, আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানিয়েছে বিএনপি। এদিকে, জাতীয় পার্টিও (জাপা) এ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। আওয়ামী লীগ ও জাপা পৌর নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ চেয়েছে। তিন রাজনৈতিক দলের এসব দাবির বিষয়ে সিদ্ধান্ত সোমবার আসবে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সিইসি বলেন, আমরা সবার কথা শুনেছি। নিবন্ধিত দলগুলো যেসব দাবি করেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে সোমবার আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
ভোট পেছাতে বিএনপির দাবির বিষয়ে কাজী রকিব জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হালনাগাদ তালিো প্রকাশ, বিশ্ব ইজতেমা ও পরীক্ষার কারণে ডিসেম্বরে ভোট করার বাধ্যবাধকতার বিষয়টি সবার কাছে জানা। তবু তফসিলে যথেষ্ট সময় রাখা হয়েছে। যদি ৩০ ডিসেম্বর ভোট করতে পারি, তা হবে লাস্ট চান্স। না হলে আইন ভঙ্গ হয়ে যাবে। আমরা ভোট যদি পেছাতে না পারি, তার কারণও জানিয়ে দেব। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ডিসেম্বরের মধ্যে ভোট করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে সিইসি জানান, এটি আইনি বিষয়। আদালত রয়েছেন এ সংক্রান্ত বিষয় দেখতে। আদালত যা নির্দেশনা দেবেন তা মানতে হবে। কাউকে অযথা কাউকে হয়রানি না করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দাবির বিষয়ে কাজী রকিব বলেন, সার্বিক বিষয়ে কমিশনারদের সঙ্গে আলোচনা করতে হবে। তারপর কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।
/ইএইচএস/এমএনএইচ/








