রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আসন সংখ্যার অতিরিক্ত ভর্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে মডেল টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়া কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ-সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।
এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকে আসন সংখ্যার অতিরিক্ত ১১% শিক্ষার্থী ভর্তি করায় ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন।








