রাজধানীর কদমতলীর ডি অ্যান্ড ডি প্রজেক্টের খালে পড়ে নিখোঁজ শিশু আশামনির (৫) মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার (১ ফেব্রুয়ারি) এই খালে পড়ে নিখোঁজ ছিল শিশুটি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিখোঁজের পর থেকে নিরবচ্ছিন্নভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা। তাদের ডুবুরি দল বৃহস্পতিবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
নিহত আশামনির বাবা মো. এরশাদের একটি মুদি দোকান রয়েছে। তিনি পরিবার নিয়ে কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ঘটনার দিন বিকালে বাসার পাশের ছোট ফাঁকা জায়গায় সমবয়সী আব্দুল্লাহ, ফরহাদ, নাঈম ও ইব্রাহিমকে নিয়ে বল খেলছিল আশামনি। একপর্যায়ে বলটি খালের পানির ওপর জমে থাকা ময়লার স্তূপের ওপর আটকে যায়। বলটি কুড়িয়ে আনতে গেলে ময়লার স্তূপের নিচে খালে পড়ে ডুবে যায় সে।








