রাজধানীর বাড্ডা এলাকায় দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ওয়ার্ড পর্যায়ের এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি গোডাউনে দুই কিশোরীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়াসিন গাজী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ইমন (৩০) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। ইমনের অপর দুই সহযোগী হলো রব (৩২) ও কবির (৩০)। ধর্ষণের বিষয়ে দুই কিশোরী সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বজনদের জানালে, এক কিশোরীর মা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন।
পরে দুই কিশোরীকে সোমবার রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর মধ্যে একজন ডিআইটি প্রজেক্টের মামার বাসায় থাকতো। অপর কিশোরী তার বান্ধবী। সে নারায়ণগঞ্জ থেকে গত ২৬ জানুয়ারি বেড়াতে আসে। রাত সাড়ে ১০টার দিকে মামার বাসা থেকে বের হয়ে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যায় ওই দুই কিশোরী। পরে বাসায় ফেরার পথে তারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।
ভিকটিমদের জিজ্ঞাসাবাদের পর তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কৃষক লীগ নেতা ইমনকে গ্রেফতার করে পুলিশ। অপর দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মো. ইয়াসিন গাজী।








