গাজীপুরে দূষণবিরোধী অভিযানে বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনটি ইটভাটা ধ্বংস ও ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সরকারের এই সংস্থাটির মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার কাপাসিয়া উপজেলায় দূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই এলাকার মেসার্স এইচএস ব্রিকস, সনমানিয়া এলাকার ফাহাদ অ্যান্ড কোম্পানি (এফএনসি) এবং ধানদিয়া এলাকার আরএল ব্রিকস ভেঙে গুড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে ভাটাগুলোর মালিকদেরকে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করে সেটা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ দূষণের জন্য দায়ী সব অবৈধ ইটভাটা ও যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
অভিযানের সময় গাজীপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর র্যাব-১ ও গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।








