১৫ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে ঢাকা আর্ট সামিট। এ আয়োজনে যত্ন নিয়ে দেশ-বিদেশের শিল্পীরা তাদের কাজ নিয়ে আসেন, বোদ্ধারা আলাপ করেন; দর্শনার্থীরা এমন একটি আয়োজনের অপেক্ষায় থাকেন বছরজুড়ে। এবারের আয়োজনে ভিন্ন মাত্রা এনে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ধারাবাহিক বর্ণনামূলক আলোকচিত্র প্রদর্শনী। আছে বেশকিছু ক্যারিকেচার, হাতে আঁকা ছবিও। আয়োজনটির সঙ্গে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। যেখানে বঙ্গবন্ধুর জীবন রাষ্ট্রকল্প হাজির করা হয়েছে। আছে ১৯৭৫ সালের উপস্থাপন।
এখানে দর্শনার্থীরা আসছেন, বঙ্গবন্ধুর ছবিগুলোর বর্ণনা মনোযোগ দিয়ে পড়ছেন। বিস্ময়ের সঙ্গে দেখছেন যুবক এ নেতাকে, যখন কিনা তিনি রাজনৈতিক কর্মসূচিগুলোতে টগবগে তরুণ। দেখছেন কী ভীষণ পারিবারিক একজন ব্যক্তি, একজন দায়িত্বশীল স্বামী, একজন ভালোবাসাময় পিতা।
আলোআঁধারীর আবহে সবটা মিলিয়ে এক ধরনের আচ্ছন্ন করে ফেলার মতোই। এই দেশ, এই জাতি যার হাত ধরে গড়ে উঠেছে তাকে জানার এক অনন্য আয়োজন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন শুরুর প্রাক্কালে এ আয়োজন প্রকৃতপক্ষে একজন অগ্নিশিখার সংগ্রামকে ছবিতে গল্পে ধরে রাখার আয়োজন।








